মো: রুবেল : চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় ৩ মাস বয়সী শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুর নাম ফাতেমা হাসান রিমি (৩ মাস)। রিমি ৭ নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর গ্রামের রবিউল হাসানের কন্যা।
জানা যায়, সোমবার বিকেলে শিশু রিমিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্ত্যবরত ডাক্তার রিমিকে হাসপাতালে ভর্তি দিয়ে স্যালাইন পুশ করে। স্যালাইন দেয়ায় ১০ মিনিটের মধ্যে শিশু রিমির মৃত্যু হয়। রিমির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রিমির আত্মীয় স্বজন হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায়।
তাদের অভিযোগ ভুল চিকিৎসার কারনে রিমির মৃত্যু হয়েছে। সরকারী হাসপাতাল ভাংচুরের খবর পেয়ে ইউএনও মিজানুর রহমান ও ওসি আবদুল মোন্নাফ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এ ঘটনায় সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে রাত সাড়ে ৯ টার দিকে স্বজনরা রিমির লাশ নিয়ে হাসপাতাল ত্যাগ করে।
হাসপাতালের আবাসিক ডাক্তার সহিদুল ইসলাম জানান, ডাক্তারের ভুল চিকিৎসায় নয় বরং বাচ্চার মায়ের ভুলের কারনে শিশুর মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন, এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে ডাক্তার বা নার্সের গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।










