মো: রুবেল : চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের বক্তারপুর গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে মীর হোসেন (৬৩) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বক্তারপুর গ্রামের মুন্সী চকিদার বাড়ীর পার্শ্বে বাড়ীর শিশুরা ফুটবল খেলছিল। খেলা চলাকালীন সময় ওই বাড়ীর ফয়সালের মা রওশন আরা বেগমের গায়ে বল পড়ে। এ নিয়ে মীর হোসেন এর নাতি হাবিবুরের সাথে রওশন আরা বেগমের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় হাবিবুরের দাদা এগিয়ে এলে রওশন আরা বেগমের ছেলে ফয়সালসহ কয়েকজন লাঠি দিয়ে মীর হোসেনকে পিটিয়ে মারাত্মক জখম করে। দ্রুত মীর হোসেনকে চাটখিল সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষনা করে। থানা পুলিশ শুক্রবার রাত ৭ টার দিকে হাসপাতাল থেকে মীর হোসেন এর লাশ থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে মীর হোসেন এর ছেলে আলমগীর হোসেন বাদী হয়ে ফয়সালকে প্রধান আসামীকে করে ৬/৭ নাম উল্লেখ করে চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ মামলার এজহার ভুক্ত আসামী আলা উদ্দিন ও বারেককে গ্রেফতার করেছে।
চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ জানান, মীর হোসেন এর লাশ মর্গে পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদেরকে শনিবার দুপুরে জেল হাজতে প্রেরন করা হয়েছে।









