মো: রুবেল : ঢাকার সিনিয়র সাংবাদিক এসকে সৌরভ নোয়াখালীর চাটখিলে নিজ এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ব্যাপারে সাংবাদিক সৌরভ বাদী হয়ে চাটখিল থানায় একটি মামলা করেছেন।
মামলার বিবরনে জানা যায়, এসএ টিভির সাবেক সিনিয়র রিপোটার এস কে সৌরভ মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে চাটখিল উপজেলার দেলিয়াই বাজারে যান। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক এসকে সৌরভ এর ভাগিনা মেহেদী হাসান এর সাথে এলাকার কয়েকজন যুবকের মধ্যে বাক বিতন্ডা হয়। এ সময় সাংবাদিক সৌরভ দু’পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে ভাগিনা মেহেদী হাসান বাড়ী চলে যান। কিছুক্ষন পর সাংবাদিক সৌরভ দেলিয়াই বাজার থেকে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। হঠাৎ পথি মধ্যে ৭/৮ জন সন্ত্রাসী তার ওপর হামলা করে কিল-ঘুষি মারতে থাকে। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ব্যাপারে সাংবাদিক সৌরভ বুধবার বিকেলে চাটখিল থানায় মামলা করেছেন।
চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।









