মো: রুবেল : চাটখিলে ৫ বছরের শিশু আসমা ধর্ষন ও হত্যা মামলার একমাত্র আসামী শাহাদাত হোসেন (২৬) কে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। এ ছাড়া ১ লক্ষ টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইবুনাল এর বিচারক ফারজানা আক্তার এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় মামলার একমাত্র আসামী শাহাদাত হোসেন ও আসমার বাবা ও মা আদালতে উপস্থিত ছিলেন। দীর্ঘ ৪ বছর পর এ রায় ঘোষনায় আসমার বাবা মাওলানা মোঃ শাহজাহান ও মাতা আমেনা আক্তার সন্তোষ প্রকাশ করেছেন। তারা অতিদ্রæত এ রায় কার্যকর করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান।
বাদী পক্ষের আইনজীবি, নারী ও শিশু দমন ট্রাইবুনালের পিপি সেলিম শাহী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমান করতে পারায় আদালত আসামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দেন।
অপর দিকে আসামী পক্ষের আইনজীবি শুকা সাহা বলেন, আসামী নিজেই তার দোষ স্বীকার করেছে বলে তাকে এ দন্ড দেয়া হয়েছে। তিনি আরো বলেন, এ রায়ের বিরুদ্ধে আফিলের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। মামলা
সূত্রে জানা যায়, ২০২২ সনের ২৪ মার্চ চাটখিল উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মোঃ শাহজাহান এর ৫ বছরের শিশু কন্যা আসমা বাড়ী থেকে নিখোঁজ হয়। নিখোঁজের আট দিন পর ২ এপ্রিল, ২০২২ একই বাড়ীর বাবুল এর ছেলে শাহাদাতকে সন্দেহ জনক কারনে পুলিশ গ্রেফতার করে। পরের দিন ৩ এপ্রিল, ২০২২ গ্রেফতারকৃত শাহাদাতের স্বীকারোক্তি মোতাবেক বাড়ির পিছনের সেপটি টাংকি থেকে আসমার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় শাহাদাৎ শিশু আসমাকে হত্যা করার কথা স্বীকার করে জানায়, ধর্ষনের ঘটনা প্রকাশ হওয়ার ভয়ে শাহাদাৎ শিশু আসমাকে নির্মম ভাবে শ্বাসরোধ করে হত্যা করে। রায় ঘোষনার খবরে চাটখিলের মেঘা গ্রামে পৌছলে এলাকার মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায় এবং এলাকাবাসী এ রায় অতিদ্রæত কার্যকর করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান।










